অন্যায় করলে কাউকে ছাড় নয়, জামায়াত আমির বা আমি হলেও: এমপি রাশেদুল ইসলাম
Arafat Nur
প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ /
০
সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের বিতর্কিত ভিডিও ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ আসনের এমপি হাফেজ রাশেদুল ইসলাম।
তিনি বলেছেন, অপরাধ ও অন্যায়ের প্রশ্নে জামায়াত কখনো কাউকে ছাড় দেয় না, প্রয়োজনে অভিযুক্ত ব্যক্তি যদি আমিরও হন। এছাড়াও তিনি চূড়ান্ত তদন্তের আগেই মিডিয়া ট্রায়াল না করার আহ্বানও জানান।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) অনলাইন সংবাদমাধ্যম মিরর নিউজকে দেওয়া একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এসময় হাফেজ রাশেদুল ইসলাম বলেন, “সাতক্ষীরায় একজন সাবেক এমপির যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং তা নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন, এটি অত্যন্ত দুঃখজনক। আশা করি, সংগঠন সঠিক তদন্ত করে উপযুক্ত সিদ্ধান্ত নেবে। আমরা তারপরেই হয়তো একটি চূড়ান্ত মন্তব্য করতে পারব। তবে কোনো অন্যায়কেই প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই; সেটি যদি জামায়াতের আমিরও বা আমি রাশেদুল ইসলামও করি। কাউকেই ছাড় দেওয়ার সুযোগ নেই, এটি ইসলামেরও নীতি না।”
তিনি বলেন, “কোন অন্যায়কে সংগঠন ডিফেন্ড করবে বা ছোট করে দেখবে, আমি মনে করি না যে, এটি জামায়াতে ইসলামীর চরিত্র।”
এমপি রাশেদুল ইসলাম আরও বলেন, “তবে তিনি আত্মপক্ষ সমর্থন করে কিছু বক্তব্য ও স্ট্যাটাস দিয়েছেন। যিনি তার স্ত্রী বলে দাবি করা হয়েছে, ইতোমধ্যে তাদের কাবিননামাও প্রকাশিত হয়েছে। কিন্তু তার আগের ও পরের কিছু ভিডিওসহ নানা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হচ্ছে। তাই সবকিছু না জেনে এই মুহূর্তে চূড়ান্ত কিছু বলে ফেলাটা সমীচীন হবে না। মিডিয়ারও উচিত নয়; এটি নিয়ে এখনই একেবারে তুলকালাম করে ফেলা। পুরো বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত।”
প্রসঙ্গত, এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ অবস্থার একাধিক ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। যদিও তিনি ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। এমতাবস্থায়, ওই বিতর্কিত ভিডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্য-উপাত্ত মূল্যায়নের পর প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :