তীব্র গরমে নামাজ বিলম্বে আদায় করা সুন্নাহ, স্মরণ করিয়ে দিলেন কাবার ইমাম
Arafat Nur
প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ /
০
তীব্র গরমের সময় তাপমাত্রা কিছুটা কমে আসা পর্যন্ত নামাজ বিলম্বে আদায় করা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ বলে উল্লেখ করেছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আস-সুদাইস।
শুক্রবার (২৭ জুন) পবিত্র মক্কায় জুমার খুতবায় তিনি মুসল্লিদের উদ্দেশে বলেন, প্রচণ্ড গরমের সময় ইসলাম সহজতার শিক্ষা দেয়। তাই অসহনীয় তাপপ্রবাহের মধ্যে কিছুটা শীতলতা না আসা পর্যন্ত নামাজ বিলম্বে আদায় করার বিধান রয়েছে।
খুতবায় তিনি নতুন হিজরি বছর ও পবিত্র মুহাররম মাসের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আশুরার দিনের ফজিলত স্মরণ করিয়ে দিয়ে এ দিনে রোজা রাখার প্রতি মুসল্লিদের উৎসাহিত করেন।
একই দিনে মদিনার মসজিদে নববীতে জুমার খুতবা দেন মসজিদের ইমাম ও খতিব শায়খ আহমাদ আল-হুজাইফী। তিনি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, সময়ের পরিবর্তন মানুষের জন্য শিক্ষা ও আত্মসমালোচনার সুযোগ এনে দেয়। দিন-রাতের আবর্তন আল্লাহর পক্ষ থেকে মুমিনদের নিজেদের ভুল-ত্রুটি সংশোধন এবং তওবার সুযোগ করে দেয়।
খুতবার শেষ অংশে তিনি বলেন, পৃথিবীর কোনো পরিস্থিতিই স্থায়ী নয়। তাই যারা বর্তমানে দুঃসময় বা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, তারা যেন ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর রহমতের প্রতি আশাবাদী থাকেন।
তিনি মুসল্লিদের উদ্দেশে আল্লাহর ওপর আস্থা রেখে ইবাদতে অবিচল থাকারও আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :