২০২৬ সালের বিশ্বের শীর্ষ ১০ ধনী: ব্যক্তি, কোম্পানি ও শহরের তালিকায় যারা
news
প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ /
০
২০২৬ সালে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে শীর্ষ অবস্থানে থাকা ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি, মুদ্রা ও শহরের তালিকা প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠান। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি থেকে শুরু করে সবচেয়ে মূল্যবান কোম্পানি, ধনী নারী, ফুটবলার, ইউটিউবার, ক্রিকেটার, ক্রিকেট বোর্ড, শক্তিশালী মুদ্রা ও ধনী শহর সব মিলিয়ে আলোচনায় রয়েছে বেশ কয়েকটি নাম।
১. সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির অবস্থান ধরে রেখেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। সর্বশেষ ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ৮৩৯ বিলিয়ন মার্কিন ডলার। ফোর্বসের তালিকায় ইলন মাস্কের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ, যার সম্পদের পরিমাণ প্রায় ২৫৭ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছেন সের্গেই ব্রিন, তাঁর সম্পদ প্রায় ২৩৭ বিলিয়ন ডলার। মাস্কের বিপুল সম্পদের প্রধান উৎস টেসলা, স্পেসএক্সসহ বিভিন্ন প্রযুক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। তবে শেয়ারবাজারের ওঠানামার সঙ্গে তার সম্পদের পরিমাণও প্রতিনিয়ত পরিবর্তিত হয়।
২. সবচেয়ে মূল্যবান কোম্পানি অ্যাপল
প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল। আইফোন, ম্যাক, আইপ্যাডসহ বিভিন্ন জনপ্রিয় প্রযুক্তিপণ্যের মাধ্যমে বিশ্বজুড়ে শক্তিশালী অবস্থান তৈরি করেছে মার্কিন এই প্রতিষ্ঠানটি। শেয়ারবাজারে অ্যাপলের ব্যাপক মূল্যায়নের ফলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে। প্রযুক্তিপণ্যের পাশাপাশি অ্যাপ স্টোর, আইক্লাউড, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন সেবাও অ্যাপলের আয়ের গুরুত্বপূর্ণ উৎস।
৩. সবচেয়ে ধনী নারী অ্যালিস ওয়ালটন
বিশ্বের সবচেয়ে ধনী নারীদের তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন ব্যবসায়ী অ্যালিস ওয়ালটন। তিনি বিশ্বের অন্যতম বৃহৎ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের কন্যা। ফোর্বসের বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, অ্যালিস ওয়ালটনের মোট সম্পদের পরিমাণ প্রায় ১২০ বিলিয়ন মার্কিন ডলার। তার সম্পদের মূল উৎস ওয়ালমার্টে পারিবারিক মালিকানা।
৪. সবচেয়ে ধনী ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার হিসেবে আলোচনায় রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ফোর্বসের সর্বশেষ হিসাব অনুযায়ী, তাঁর আনুমানিক মোট সম্পদের পরিমাণ প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলার।
সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলা রোনালদো গত ১২ মাসে প্রায় ৩০০ মিলিয়ন ডলার আয় করেছেন। ফুটবল পারিশ্রমিকের পাশাপাশি রোনালদোর ব্র্যান্ড, স্পনসরশিপ, হোটেল, ফিটনেস ও অন্যান্য ব্যবসায়িক বিনিয়োগ তাঁর সম্পদের গুরুত্বপূর্ণ উৎস।
৫. সবচেয়ে বেশি আয় করা ইউটিউবার মি. বিস্ট
বিশ্বের সর্বোচ্চ আয় করা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন ইউটিউবার মি. বিস্ট (জিমি ডোনাল্ডসন)। ফোর্বসের ২০২৬ সালের টপ ক্রিয়েটরস তালিকায় তিনি প্রথম অবস্থানে রয়েছেন। গত এক বছরে তাঁর আনুমানিক আয় প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। ইউটিউবের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ থেকেও তার বিপুল আয় আসে।
৬. সবচেয়ে ধনী ক্রিকেটার শচীন টেন্ডুলকার
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারদের মধ্যে শীর্ষে রয়েছেন। বিভিন্ন প্রকাশিত হিসাব অনুযায়ী, তাঁর আনুমানিক মোট সম্পদের পরিমাণ প্রায় ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিজ্ঞাপন, ব্র্যান্ড অংশীদারত্ব, ব্যবসায়িক উদ্যোগ ও বিনিয়োগের মাধ্যমে সম্পদ গড়েছেন তিনি। ২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও তাঁর ব্যবসায়িক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।
৭. সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হিসেবে পরিচিত ভারতের বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিশাল সম্প্রচারস্বত্ব, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), স্পনসরশিপ, টিকিট বিক্রি ও বিভিন্ন বাণিজ্যিক চুক্তি বিসিসিআইয়ের আয়ের প্রধান উৎস। বিশেষ করে আইপিএল থেকে পাওয়া বিপুল রাজস্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের আর্থিক শক্তির অন্যতম ভিত্তি।
৮. সবচেয়ে শক্তিশালী মুদ্রা কুয়েতি দিনার
এক ইউনিটের বৈদেশিক বিনিময়মূল্যের হিসাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে পরিচিত কুয়েতি দিনার। মার্কিন ডলারের বিপরীতে এর মূল্য অন্যান্য প্রধান মুদ্রার তুলনায় বেশি। বর্তমানে ১ কুয়েতি দিনার প্রায় ৩.২৫ মার্কিন ডলারের সমান। বাংলাদেশি টাকায় এর মূল্য বিনিময় হারের ওপর নির্ভর করে এবং সাধারণত ৪০০ টাকার কাছাকাছি হতে পারে। তবে শক্তিশালী মুদ্রা বলতে এখানে এক ইউনিট মুদ্রার বিনিময়মূল্য বোঝানো হচ্ছে।
৯. সবচেয়ে ধনী শহর নিউইয়র্ক
বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। শহরটিতে বিপুলসংখ্যক মিলিয়নিয়ার, শত-মিলিয়নিয়ার ও বিলিয়নিয়ারের বসবাস রয়েছে। ২০২৫ সালের World’s Wealthiest Cities Report ওয়াল্ড হেলদিস সিটির রির্পোট অনুযায়ী, নিউইয়র্কে প্রায় ৩ লাখ ৮৪ হাজার ৫০০ জন মিলিয়নিয়ার, ৮১৫ জন শত-মিলিয়নিয়ার এবং ৬৬ জন বিলিয়নিয়ার বসবাস করেন। বিশ্বের অন্যতম বৃহৎ শেয়ারবাজার, ব্যাংকিং ও বিনিয়োগ খাতের কেন্দ্র হওয়ায় নিউইয়র্ক বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদকেন্দ্র।
১০. এশিয়ার শীর্ষ ধনীদের একজন গৌতম আদানি
ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি গৌতম আদানি এশিয়ার অন্যতম ধনী ব্যবসায়ী। তার সম্পদের পরিমাণ প্রায় ৮৫.৪ বিলিয়ন মার্কিন ডলার বলে সর্বশেষ প্রকাশিত হিসাবগুলোতে উল্লেখ করা হয়েছে। বন্দর, বিদ্যুৎ, অবকাঠামো, জ্বালানি ও অন্যান্য খাতে ব্যবসা বিস্তারের মাধ্যমে আদানি বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। তার সম্পদের বড় অংশ আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানিতে মালিকানা থেকে আসে।
আপনার মতামত লিখুন :