
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন আমরা মনে করি সেখানে জনগণের প্রত্যাশা উঠে আসেনি। সেখানে তিনি দলীয় ইশতেহার এজেন্ডা তুলে ধরেছেন।
দারিদ্র্য দূরীকরণ কর্মসংস্থান বৃদ্ধির কথা ছিল, সেগুলোর কিছুই হয়নি। ফ্যামিলি কার্ডের নামে হরিলুট হয়েছে। দলীয় লোকরাই ফ্যামিলি কার্ড পাচ্ছে। যত ধরনের কার্ড আছে সবগুলো দলীয় লোকরাই পাচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিশ্বমঞ্চে আমাদের বলার মতো যে বিষয়গুলো ছিল উনি সেগুলোর একটাও ঠিকমতো এড্রেস করেননি। এই মুহূর্তে জ্বালানি সংকট চলছে। উনারাই বলে যে, এজন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ দায়ী। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যে সাফার করতে হচ্ছে সেই বিষয়টা উনি তুলে ধরেননি। আমরা যেন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ আনতে পারি সেই বিষয়টা উনি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে পারতেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। বাংলাদেশ-ভারত সীমান্ত পৃথিবীর অন্যতম একটি রক্তাক্ত সীমান্ত। সেই সীমান্ত হত্যা নিয়ে উনি (প্রধানমন্ত্রী) কিছু বলেননি। হাসিনাকে যে ভারত সরকার আশ্রয় দিয়েছে, দলের নেতাকর্মীদের আশ্রয় দিয়েছে, সেখানে থেকে তারা যে প্রেস ব্রিফিং করতে পারছেন- এ বিষয়গুলো প্রধানমন্ত্রী তার ভাষণে বলতে পারতেন। ভারত সরকার যে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সে বিষয়ে তিনি বলতে পারতেন।
রোহিঙ্গা সংকট নিয়ে বলেছেন কিন্তু এই সমস্যার সমাধান কীভাবে হবে তার বিষয়ে তিনি কিছু বলেননি। কারা দায়ী সেই বিষয়েও কিছু বলেননি। তিস্তা প্রকল্প কেন বাস্তবায়ন হচ্ছে না, কেন নেগোসিয়েশন হচ্ছে না—বিশ্ব মঞ্চে সেই আহ্বান তিনি দিতে পারেন। তাই আমরা মনে করি জাতির সঙ্গে প্রধানমন্ত্রীর ভাষণে জনগণের আশা আকাঙ্ক্ষা উঠে আসেনি।
এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :