
মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হলেও শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ থাকবে না।
আজ রবিবার (১২ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন, তাহলে নিজ উদ্যোগে দেশে ফেরার সুযোগ নেই। সেক্ষেত্রে হয় প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে, নয়তো তাকে পুশব্যাক করা হতে পারে। তিনি বলেন, সরকার কূটনৈতিকভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। একই সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চিফ প্রসিকিউটর বলেন, দেশে ফিরিয়ে আনা গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আমিনুল ইসলাম বলেন, দেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিন হওয়ার নজির নেই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনা গেলে বা তাকে বাংলাদেশে পাওয়া গেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে প্রথমেই তাকে কারাগারে নেওয়া হবে। এরপর তিনি আপিল করতে পারবেন কি না, সেটি আদালতের সিদ্ধান্তের বিষয়।
আপনার মতামত লিখুন :