
ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা দুই অভিযুক্তকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বর্তমানে ভুক্তভোগী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর চাচা জানান, ঘটনার সময় কিশোরীর দাদি ও মা ফরিদপুরের একটি হাসপাতালে ছিলেন। বাড়িতে ছিল কিশোরী, তার ছোট বোন ও ছোট ভাই। রাত ১টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ঘিরে ফেলে। তারা প্রথমে দরজা খুলতে চাপ দেয়। ভেতর থেকে দরজা না খোলায় জানালা ভেঙে কিশোরীকে জোর করে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যায়।
তিনি আরও জানান, স্বজন ও প্রতিবেশীরা বাধা দেওয়ার চেষ্টা করলে হামলার হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। পরে কিশোরীকে মোটরসাইকেলে করে পাশের গ্রামের একটি পুকুরপাড়ে নেওয়া হয়। সেখানে তিন যুবক পালাক্রমে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের পর কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার দিকে তাকে বাড়ির উঠানে ফেলে রেখে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা।
এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে দুইজনকে মোটরসাইকেলসহ আটক করেন। পরে গণপিটুনি দিয়ে তাদের সদরপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক দুজন হলেন হেলাল মৃধা (২০) ও রইস শিকদার (১৬)।
ভুক্তভোগীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, শাশুড়ির অপারেশনের জন্য তিনি হাসপাতালে ছিলেন। খবর পেয়ে বাড়ি এসে মেয়ের অবস্থা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন। জানালা ভেঙে তার মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে রাত ৩টার দিকে বাড়ির উঠানে ফেলে রেখে যায়। এ ঘটনায় জড়িত সবার সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
ভুক্তভোগীর খালা সাথি আক্তার শুক্রবার সন্ধ্যায় জানান, দুর্বৃত্তরা জানালা ভেঙে ঘরে ঢুকে আমার বোনের মেয়ের চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যায়। বর্তমানে সে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ধরনের পৈশাচিক ঘটনা যেন আর কোনো মেয়ের সঙ্গে না ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামছুল আজম বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকাবাসী যে দুজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে, তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
আপনার মতামত লিখুন :