অন্য দেশের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহারের সুযোগ নেই: মাওলানা মুজাহিদ


Arafat Nur প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ণ /
অন্য দেশের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহারের সুযোগ নেই: মাওলানা মুজাহিদ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানে কোনো অননুমোদিত ব্যক্তি বা গোষ্ঠীকে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হয় না। অন্য কোনো দেশের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহারেরও অনুমতি নেই।

আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চীন ও পাকিস্তানের বিশেষ প্রতিনিধিদের উদ্বেগের জবাবে তিনি এ কথা বলেন।

মাওলানা মুজাহিদ বলেন, আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আফগানিস্তানের অবস্থান স্পষ্ট। অন্য কোনো দেশের বিরুদ্ধে কার্যক্রম চালানোর জন্য আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আফগানিস্তানকে ঘিরে কোনো কোনো পক্ষ যেসব অপপ্রচার চালাচ্ছে বা উদ্বেগ প্রকাশ করছে, তার দায় তাদের নিজেদের। অন্য দেশগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যার সঙ্গে ইমারাতে ইসলামিয়ার কোনো সম্পর্ক নেই।

মুজাহিদ বলেন, “আফগানিস্তানের সর্বত্র নিরাপত্তা বিরাজ করছে। এখানে কোনো অননুমোদিত গোষ্ঠীকে কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয় না। কোনো দেশের বিরুদ্ধে আফগান ভূখণ্ডও ব্যবহার করা হয় না। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি।”

তিনি বলেন, “কোনো কোনো পক্ষ যদি আফগানিস্তানকে নিয়ে অপপ্রচার চালায় বা উদ্বেগ প্রকাশ করে, সেটি তাদের নিজস্ব বিষয়। বাস্তবতা হলো, কোনো দেশের জন্য হুমকি সৃষ্টিকারী কোনো অননুমোদিত গোষ্ঠী আফগানিস্তানে নেই। এমন কোনো গোষ্ঠীকে এখানে কার্যক্রম চালানোর অনুমতিও দেওয়া হয় না।”

পাকিস্তানের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি মুহাম্মদ সাদিক এবং চীনের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি ইউ শিয়াওইয়ং সোমবার আঞ্চলিক নিরাপত্তা ও আফগানিস্তানসংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকের পর মাওলানা মুজাহিদ এসব কথা বলেন।

বৈঠকে দুই বিশেষ প্রতিনিধি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্টের (ইটিআইএম) সৃষ্ট হুমকি নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের দাবি, সংগঠন দুটি আফগান ভূখণ্ড থেকে কার্যক্রম পরিচালনা করছে।