
জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা ছাত্র সংগঠনগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি হলে সমাধান করে নেব কিন্তু খুনি হাসিনা ও আওয়ামী লীগ এর প্রশ্নে পুরো ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকব বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
আজ বুধবার (৫ আগস্ট) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, “জুলাই এর ছাত্র সংগঠনগুলোর মাঝে সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সুন্দর প্রতিযোগিতা ও গঠনমূলক সমালোচনা অব্যাহত থাকবে, ভুল বোঝাবুঝি হলে সেগুলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করে নেব।”
তিনি আরও লেখেন,“ কিন্তু খুনি হাসিনা ও আওয়ামী লীগ এর প্রশ্নে পুরো ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ধৈর্য্য ও সহনশীলতার পরিচয় দেবে।”
প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে ছাত্রশিবিরের নেতাদের ওপর ছাত্রদলের হামলার ঘটনা ঘটে। এছাড়াও বেরোবি, বরিশাল বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা, কবি নজরুল কলেজ ও তিতুমীর কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দেশব্যাপী রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের হল থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীদের বের করে দেওয়ার ঘটনা ঘটে।
আপনার মতামত লিখুন :